| Your Ads Here 100x100 |
|---|
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ নামের এ অভিযানের আওতায় মাত্র ২৪ ঘণ্টায় স্থল ও আকাশপথে মোট ৮৭৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় প্রায় ১৯০ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে সেনাবাহিনী।
এ ছাড়া অভিযানে হুথি বাহিনীর প্রায় ১৩০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিভিন্ন অবস্থানকেন্দ্র ও সুরক্ষিত সামরিক স্থাপনাও।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত দেশজুড়ে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, এ সময়ে হুথিদের লক্ষ্য করে ২৯টি বিমান হামলা এবং ৩৯টি ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি রকেট-লঞ্চার ইউনিট থেকে ৬২ বার হামলা এবং ফিল্ড আর্টিলারি বা কামান থেকে ৭৪৪ বার গোলাবর্ষণ করা হয়েছে।
এসব হামলার প্রধান লক্ষ্য ছিল হুথিদের সামরিক অবস্থান, সেনা সমাবেশ, নতুন করে মোতায়েন করা যোদ্ধা এবং সামরিক সরঞ্জাম। সেনাবাহিনীর দাবি, হামলার ফলে হুথি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্নেল আল-নুজাইলি আরও জানান, অভিযানের অংশ হিসেবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী নতুন করে অগ্রগতি অর্জন করেছে। এসব এলাকায় হুথিদের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণও পুনরুদ্ধার করা হয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর পাশাপাশি ‘নেশনস শিল্ড ফোর্সেস’, ‘জায়ান্টস ব্রিগেড’ এবং ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’-এর বিভিন্ন ইউনিট অভিযান পরিচালনা করছে। এসব এলাকায় হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে।
দেশটির উত্তরাঞ্চলেও সামরিক তৎপরতা জোরদার করেছে সরকারি বাহিনী। সেখানে সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি ডিভিশন’, ‘নেশনস শিল্ড ফোর্সেস’ এবং তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম সামরিক অঞ্চলের ইউনিটগুলো হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে কাজ করছে।
বিশেষ করে আল-জওফ ও মারিব অঞ্চলে হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক তৎপরতা লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। এসব এলাকায় হুথি যোদ্ধাদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং তাদের সামরিক শক্তি দুর্বল করার চেষ্টা করছে সরকারি বাহিনী।
এ ছাড়া আল-বাদা অঞ্চলেও ‘শাবওয়া ডিফেন্স ফোর্সেস’ ও অন্যান্য সামরিক ইউনিটের অভিযান চলছে। অন্যদিকে, তাইজ এলাকায় হুথিবিরোধী সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনীর দাবি, তাইজ এলাকায় হুথিদের বিভিন্ন আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও চলাচলের ওপর পাল্টা হামলা চালানো হচ্ছে।
অভিযান পরিচালনার সময় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।
ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের সামরিক শক্তি দুর্বল করা এবং তাদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে সরকার।
এ উদ্দেশ্যে গত ৫ অক্টোবর থেকে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করেছে দেশটির সেনাবাহিনী। অভিযান শুরুর পর থেকে বিভিন্ন এলাকায় হুথিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টার হামলা ও হতাহতের বিষয়ে সেনাবাহিনীর দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

