26 C
Dhaka
বুধবার, নভেম্বর ১১, ২০২৬

দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, পাসপোর্ট আবেদনের আড়ালে কী রাজনৈতিক কৌশল?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। তবে তাঁর এই আবেদন ও দেশে ফেরার ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এটি দেশে ফেরার বাস্তব প্রস্তুতির চেয়ে আওয়ামী লীগের ওপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং রাজনৈতিকভাবে সক্রিয় থাকার একটি কৌশল হতে পারে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। বর্তমান সরকারও তাঁর রাজনৈতিক বিরোধী। ফলে দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।

এ অবস্থায় শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে তিনি সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত সরকারের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার পথ অনুসরণের কথা জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর আল জাজিরাকে বলেছেন, হাজার হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কাউকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনার সামনে আদালতের রায় কার্যকরের মুখোমুখি হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকার পরও কেন নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা? আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পেছনে তাঁর প্রকৃত উদ্দেশ্য কী? এটি কি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি, নাকি রাজনৈতিকভাবে নিজের অবস্থান ধরে রাখার নতুন কৌশল?

নিজের পরিণতি তিনি জানেন’

প্রায় দুই দশক বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনার এখনো দেশে সমর্থক রয়েছেন। তবে তাঁর শাসনামলের নানা ঘটনা এবং ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানির কারণে বড় একটি অংশ তাঁর বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে আসছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা দেশে ফিরতে চান—এমন ঘোষণা দিলেও বাস্তবে তাঁর ফেরার সম্ভাবনা খুবই কম। বরং ভারতে অবস্থান করেই আওয়ামী লীগের নেতৃত্ব নিজের হাতে রাখা এবং দলীয় নেতা-কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছেন তিনি।

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান মনে করেন, শেখ হাসিনার পাসপোর্টের আবেদনকে সরাসরি দেশে ফেরার প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ নেই। এর মাধ্যমে তিনি মূলত আওয়ামী লীগের ওপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন।

আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। জিল্লুর রহমানের মতে, শেখ হাসিনা নিজের রাজনৈতিক পরিণতি সম্পর্কে ভালোভাবেই জানেন। কিন্তু তিনি চান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন এবং দলের নেতৃত্ব অন্য কারও হাতে চলে না যায়।

তিনি বলেন, শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কারও হাতে দলের নেতৃত্ব তুলে দিতে চান না। এটাই তাঁর নিজের এবং দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যথায় দলটি হয়তো টিকে থাকার জন্য নতুন কোনো নেতৃত্ব বা পথ খুঁজে নিতে পারত।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাবেক উপপ্রধান ও অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন।

আল জাজিরাকে তিনি বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তাঁর মতে, দেশে সমর্থকদের উজ্জীবিত রাখা এবং দিন দিন কমে আসা রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্যই এমন ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাঙা রাখার একটি চেষ্টা।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা কারাগারে এবং অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দলটির নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করতে পারে।

ফয়েজ সোবহানের মতে, এই ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চাইছেন। একই সঙ্গে দেশের মানুষের বর্তমান মনোভাবও বুঝে নেওয়ার চেষ্টা করছেন।

তবে বাস্তবে তাঁর দেশে ফেরা অত্যন্ত কঠিন। কারণ, দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি অথবা দীর্ঘদিন কারাবন্দি থাকার পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বিশ্লেষকদের এমন সংশয়ের মধ্যেও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আশাবাদী।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে বলেন, তাঁদের নেত্রী দেশে ফিরবেন। অতীতেও তাঁকে থামানোর চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। এবারও সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি দেশে ফিরবেন বলে তাঁরা বিশ্বাস করেন।

তবে শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে দল কী ধরনের পদক্ষেপ নিচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে অনেক নেতা-কর্মীই সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

ঢাকাভিত্তিক আওয়ামী লীগ কর্মী ও দলটির ছাত্রসংগঠনের সাবেক নেতা আরমান রহমান বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি যেমনই হোক, তিনি আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে তাঁর বিশ্বাস।

শেখ হাসিনাকে নিয়ে ভারতের রাজনৈতিক হিসাব

শেখ হাসিনার ভবিষ্যৎ শুধু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করছে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থও।

দীর্ঘ চার দশক ধরে ভারত শেখ হাসিনার অন্যতম প্রধান রাজনৈতিক মিত্র। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে নয়াদিল্লি তাঁকে আশ্রয় দিয়ে আসছে।

তবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তাঁকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণের আবেদনগুলো আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও আরও শক্তিশালী করার আগ্রহের কথাও জানিয়েছে নয়াদিল্লি।

দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে।

নয়াদিল্লির ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করে। তাই তাঁর ব্যক্তিগত বিষয়টি বাংলাদেশের সঙ্গে সামগ্রিক কূটনৈতিক সম্পর্কের বাইরে রাখার চেষ্টা করছে নয়াদিল্লি।

তাঁর মতে, শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার অবস্থান থেকে ভারত এখনো সরে আসেনি।

তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। তাঁর মতে, শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হচ্ছে, তা ভারত সরকারও বুঝতে পারছে।

তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় বাধা। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভারত সরকার একটি সমাধান চাইতে পারে। এর একটি সম্ভাব্য উপায় হলো শেখ হাসিনাকে অন্য কোনো তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থা করা।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান বিষয়টিকে ভারতের জন্য জটিল রাজনৈতিক পরিস্থিতি হিসেবে দেখছেন।

তাঁর মতে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়া ভারতের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি তাঁকে ছেড়ে দেওয়াও সহজ নয়। কারণ, ভারত যদি এখন শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের রাজনৈতিক মিত্রদের মধ্যে নেতিবাচক বার্তা যেতে পারে।

তারা মনে করতে পারেন, সংকটের সময় ভারতের পাশে থাকা রাজনৈতিক মিত্রদের শেষ পর্যন্ত ভারত রক্ষা করে না।

জিল্লুর রহমানের ধারণা, ভারত হয়তো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখবে। তবে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা নেবে না।

অন্যদিকে অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, নিকট ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের মধ্যে যে রাজনৈতিক ও কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে।

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার সুযোগ নেই?

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হতে পারে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

তবে বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন সমঝোতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নিজেও দীর্ঘ ১৬ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর রাজনৈতিক নিপীড়ন, মামলা ও গ্রেপ্তারের ঘটনা দলটির মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানের মতে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির রাজনৈতিক সমঝোতার প্রস্তাব শুরুতেই বাধার মুখে পড়বে।

তিনি বলেন, গত দেড় দশকে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী কারাবরণ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। ফলে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আপসের উদ্যোগ বিএনপির সমর্থকেরা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখতে পারেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও শেখ হাসিনার দেশে ফিরে আবার ক্ষমতা দখলের সম্ভাবনা নাকচ করেছেন।

ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা যদি মনে করেন দেশে ফিরে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবেন এবং নিজের ক্ষমতা পুনরুদ্ধার করবেন, তাহলে তিনি নিজেকেই বিভ্রান্ত করছেন।

ফয়েজ সোবহানের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর বিএনপি সরকারের পক্ষে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ খুবই সীমিত।

তিনি মনে করেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে বড় ধরনের রাজনৈতিক সমঝোতা হবে—এমনটা কল্পনা করা কঠিন। বিশেষ করে জবাবদিহি ও ক্ষমা প্রার্থনা ছাড়া রাজনৈতিক পুনর্মিলনের পথ আরও কঠিন।

সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আপাতত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীদের সক্রিয় রাখা এবং নিজের নেতৃত্ব ধরে রাখার কৌশল হিসেবেই বেশি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে তাঁর দেশে ফেরার আনুষ্ঠানিক পথ হিসেবে ভারতের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়াই সামনে রয়েছে। তবে সেই প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে ঢাকা ও নয়াদিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর।

- Advertisement -spot_img
সর্বশেষ

হরমুজ প্রণালিতে অক্টোবরে রেকর্ড ৩৭ বাণিজ্যিক জাহাজে হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা স্থগিত থাকলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা...