26 C
Dhaka
বুধবার, নভেম্বর ১১, ২০২৬

নয় বছরের স্মৃতির ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ করে আবেগঘন বার্তা কাবিলার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দীর্ঘ নয় বছরের পথচলার অবসান ঘটেছে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর। শেষ হয়েছে ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং। দীর্ঘ এই সময়ে দর্শকদের হাসি, আনন্দ ও আবেগের সঙ্গী হয়ে উঠেছিল কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত নাটকটি। এর প্রতিটি চরিত্রও জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। শুটিং শেষ হওয়ার পর এবার পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিলেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে থাকার কথা জানিয়েছেন পলাশ। ধারাবাহিকটির শুরুর দিনগুলো, পরিচিত রাস্তা, গাছতলা আর সহকর্মীদের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলোর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’

তিনি আরও লিখেছেন, সময়ের সঙ্গে বদলে গেছে ঋতু, মানুষ এবং চারপাশের অনেক পরিচিত দৃশ্য। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর এই গল্পের সঙ্গে সঙ্গে যে নিজের জীবনেও অনেক পরিবর্তন এসেছে, তা বুঝতেই পারেননি তিনি।

পলাশের ভাষায়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিংও শেষ হয়েছে। একটি গল্পের মধ্যে মানুষ কতটা জীবন রেখে যেতে পারে, তা এই দীর্ঘ পথচলায় অনুভব করেছেন তিনি। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ মিলিয়ে একসময় নাটকটি তাঁর জীবনেরই অংশ হয়ে উঠেছে।

শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা লিখেছেন, এত বছরের স্মৃতি কোথায় জমা রাখবেন, আর এত দীর্ঘ সময়ের গল্প কীভাবে কয়েকটি বাক্যে প্রকাশ করবেন, তা বুঝে উঠতে পারছেন না। তাঁর কাছে এই পথচলার গুরুত্ব ও আবেগ ভাষায় প্রকাশ করা কঠিন।

সবকিছুরই একসময় শেষ হয় উল্লেখ করে পলাশ বলেন, হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, ক্যামেরার আলো নিভে যায়। কিন্তু কিছু স্মৃতি কখনো হারিয়ে যায় না।

পোস্টের শেষ অংশে তিনি পুরোনো সেই গাছতলা, পরিচিত রাস্তা আর সহকর্মীদের হাসির শব্দের কথা তুলে ধরেছেন। তাঁর ভাষায়, এসব স্মৃতির সঙ্গে রয়ে যাবে সেই তরুণ ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল।

দীর্ঘ নয় বছর পর পেছনে ফিরে তাকিয়ে পলাশের উপলব্ধি, গল্পের সমাপ্তি ঘটেছে ঠিকই, কিন্তু সেই স্বপ্ন দেখা ছেলেটি আজও যেন পরিচিত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি ধারাবাহিক নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে অভিনেতাদের বেড়ে ওঠা এবং দর্শকদের দীর্ঘদিনের ভালো লাগা। তাই শুটিং শেষ হওয়ার খবরে যেমন তৈরি হয়েছে এক অধ্যায়ের সমাপ্তির অনুভূতি, তেমনি কাবিলার স্মৃতিচারণও আবেগাপ্লুত করেছে তাঁর ভক্তদের।

- Advertisement -spot_img
সর্বশেষ

হরমুজ প্রণালিতে অক্টোবরে রেকর্ড ৩৭ বাণিজ্যিক জাহাজে হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা স্থগিত থাকলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা...