| Your Ads Here 100x100 |
|---|
শ্রমিকদের তিন দফা দাবিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে সাভার-আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এতে এসব এলাকার কয়েকটি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কিছুক্ষণ পরই তারা তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে কয়েকশ শ্রমিক কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন।
সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে শ্রমিক অসন্তোষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে সকালে কাজে যোগ দিতে আসা অনেক শ্রমিককে কারখানা থেকে ফিরে যেতে হয়।
অন্যদিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায়ও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ পরিস্থিতির মধ্যেও সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সড়কে অবস্থান করতে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

