| Your Ads Here 100x100 |
|---|
গাজীপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন।
একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহন আটকে পড়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে।
এদিকে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকায়ও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসব এলাকার ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। ফলে ওই এলাকার কারখানাগুলোতেও কাজকর্ম ব্যাহত হচ্ছে।
পরিস্থিতির কারণে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে শ্রমিকরা সরে যাওয়ার কিছুক্ষণ পর আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, শিল্প পুলিশের (এসআরবি) সদস্য ও থানা পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

