নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চর-মরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।
স্থানীয়দের জানায়, শনিবার সকালে আবদুর রহমান মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে খাবার কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।