ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর নতুন সিনেমা ‘রকস্টার’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় ভিন্ন লুকে হাজির হবেন তিনি।
মিউজিক্যাল ঘরানার এই ছবিতে থাকছে অন্তত ১০টি গান। জানা গেছে, সিনেমার সব গানই তৈরি করছেন তরুণ সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তিনিই গীতিকবি, সুরকার এবং কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব।
ইতোমধ্যে ছবির তিনটি গানের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে এখনই রাজি নন সানি। অন্যদিকে পরিচালক জানান, শুটিংয়ের পাশাপাশি গান নিয়ে জোর কাজ চলছে এবং শিগগিরই প্রচারণা শুরু হবে।
সিনেমার গল্পে একজন রকস্টারের উত্থান-পতন, প্রেম, খ্যাতি ও ব্যক্তিগত দ্বন্দ্ব উঠে আসবে। গানগুলোও সেই গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে—যেখানে থাকবে রোমান্টিক, স্টেজ পারফরম্যান্স ও আবেগঘন নানা ধারা।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।