29.1 C
Dhaka
সোমবার, মে ৪, ২০২৬

হত্যা মামলায় জড়ানো নিয়ে মুখ খুললেন সাকিব, ‘প্রমাণ থাকলে ব্যবস্থা নিন, না থাকলে অব্যাহতি দিন’

জনপ্রিয়

২০২৪ সালের ২৪ আগস্ট দায়ের হওয়া একটি হত্যা মামলায় নাম জড়ানো নিয়ে অবশেষে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, তদন্তে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হোক, আর প্রমাণ না থাকলে দ্রুত অব্যাহতি দেওয়া উচিত।
পোশাক শ্রমিক মো. রুবেল হত্যার ঘটনায় করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়, যার মধ্যে সাকিবের নামও অন্তর্ভুক্ত ছিল। তবে শুরু থেকেই এই মামলাকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার অভিযোগ উঠেছে।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “তদন্ত করে যদি দোষ পান, ব্যবস্থা নিন। আর কিছু না পেলে ক্লিয়ারেন্স দিন। বিষয়টা অযথা দীর্ঘায়িত হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে—আদাবর—সেখানে তিনি কখনও গেছেন বলেও মনে পড়ে না। তার ভাষায়, “আমার সম্পৃক্ততা না থাকলে তদন্তকারী কর্মকর্তা সহজেই প্রতিবেদন দিতে পারেন। এটা করতে দুই বছর লাগার কথা নয়।”
দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত বলেও জানান সাকিব। তবে এজন্য তিনি ন্যূনতম নিরাপত্তার নিশ্চয়তা চান। “আমি দেশে এসে আদালতে দাঁড়াব, মামলা লড়ব—এতে সমস্যা নেই। কিন্তু আমাকে যেন হয়রানি না করা হয়, সেই নিশ্চয়তা প্রয়োজন,” বলেন তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে এ ধরনের অনেক মামলার আসামিরাই স্বাভাবিক জীবনযাপন করছেন।
সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। তবে তিনি স্পষ্ট করেছেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরে আইনি লড়াইয়ে অংশ নেবেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী ?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে...