ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৪টি আসনের মধ্যে প্রায় ২০৬টিতে জয় পেয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের অবস্থানে দলটি পৌঁছেছে।
অন্যদিকে, দীর্ঘদিনের শাসক তৃণমূল কংগ্রেস (টিএমসি) বড় ধাক্কার মুখে পড়েছে। দলটির বহু প্রার্থী পরাজিত হয়েছেন, যার মধ্যে রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তিনি নিজের কেন্দ্র ভবানীপুরে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী-র কাছে পরাজিত হয়েছেন।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল সোমবার ঘোষণা করে নির্বাচন কমিশন। ফল ঘোষণার দিন কলকাতার একটি গণনাকেন্দ্রে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।
গণনাকেন্দ্রের বাইরে তিনি বলেন, এই জয় “অনৈতিক” এবং অভিযোগ করেন যে, বহু আসনে অনিয়ম হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। টানা প্রায় ১৫ বছর রাজ্যে ক্ষমতায় থাকা দলটির জন্য এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নির্বাচনের ফলাফল ও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।