আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।
ভুক্তভোগী মিম আক্তারের পরিবারের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে তাদের বিয়ে হয় এবং তাদের একটি পাঁচ বছর বয়সী সন্তান রয়েছে। স্বামী দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি ব্যবসার অজুহাতে তিনি স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকালে টাকার দাবিকে কেন্দ্র করে দীন ইসলাম ও তার স্বজনরা মিমকে মারধর করেন। এক পর্যায়ে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে ফেলা হয় এবং ঘটনাটি ভিডিও করা হয়। পরে তাকে ছুরিকাঘাত করা হলে তার হাত ও মুখে গুরুতর আঘাত লাগে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।