তাসকিন আহমেদ ঢাকা টেস্টের তৃতীয় দিনে গুরুত্বপূর্ণ এক মাইলফলক স্পর্শ করেছেন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক সেঞ্চুরিয়ান আজান আওয়াইস–কে আউট করে টেস্ট ক্যারিয়ারে নিজের ৫০তম উইকেট পূর্ণ করেন বাংলাদেশের এই পেসার।
সকালের শুরুতেই আজান আওয়াইসকে ১০৩ রানে ফিরিয়ে শতরানের জুটি ভাঙেন তাসকিন। বাংলাদেশের বাস্তবতায় এটি বড় এক অর্জন, কারণ তার আগে মাত্র দুই বাংলাদেশি পেসার টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন।
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়েন মাশরাফি বিন মুর্তজা। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে তিনি ৫০ উইকেট পূর্ণ করেন। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই তালিকায় নাম লেখান শাহাদাত হোসেন।
তিনজনের মধ্যে দ্রুততম হিসেবে ৫০ উইকেটে পৌঁছেছেন তাসকিন। তার লেগেছে মাত্র ১৮ টেস্ট। সেখানে মাশরাফির লেগেছিল ১৯ টেস্ট এবং শাহাদাতের ২১ টেস্ট।
বর্তমানে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৭৮ উইকেট এখনও মাশরাফির দখলে। শাহাদাতের উইকেট ৭২টি। ৫০ উইকেট পূর্ণ করে এখন তাদের দিকেই এগোচ্ছেন তাসকিন।
২০১৭ সালে টেস্ট অভিষেক হলেও চোট ও বিরতির কারণে নিয়মিত খেলতে পারেননি এই ডানহাতি পেসার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে ৬৪ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেন তিনি এবং সিরিজে ১১ উইকেট নিয়ে হন ম্যান অব দ্য সিরিজ।
দেড় বছর পর টেস্টে ফিরে এবার ৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ–কেও আউট করেন তাসকিন।