গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভারের জটিল সমস্যায় আক্রান্ত এই তরুণীকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেলে চেন্নাই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বাবা, কায়সার হামিদ।
পরিবার সূত্রে জানা গেছে, কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেয়ের চিকিৎসা ব্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কায়সার হামিদ বলেন, হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারকে ফিক্সড ডিপোজিট ভাঙতে এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হয়েছে।
তিনি জানান, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদে কারিনাকে চেন্নাই পৌঁছে দ্রুত চিকিৎসা শুরু করা। চিকিৎসকেরা আপাতত তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ–তে আক্রান্ত হন। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হয়ে গত শুক্রবার তাঁর লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চিকিৎসার ব্যয় সামলাতে পরিবারকে নতুন করে আর্থিক সংকটে পড়তে হয়েছে। এর আগে কায়সার হামিদের এক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন, তখনও পরিবারকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছিল।
কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে পরিচিতি পান। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও যুক্ত হন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইনটান্টশিপ এবং ৩৬-২৪-৩৬। তরুণ দর্শকদের কাছে জীবনঘনিষ্ঠ কনটেন্টের জন্যও তিনি জনপ্রিয়তা অর্জন করেন।