ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এই মন্ত্রী বুধবার সকাল ১০টায় স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। তিনি চট্টগ্রামের মীরসরাই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন।
১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তার সংসদীয় রাজনৈতিক যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মোশাররফ হোসেন। গত কয়েক সপ্তাহ ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
ব্যবসায়িক ক্ষেত্রেও তার সম্পৃক্ততা ছিল। ১৯৬৪ সালে হোটেল সায়মনকে সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা বাড়ান তিনি। এছাড়া দ্য পেনিনসুলা চিটাগাং নামের চার তারকা মানের হোটেলের চেয়ারম্যান ছিলেন।
পরিবার জানিয়েছে, তার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।