দ্বিতীয় দিনের শুরুতেই বোলিং তোপে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান নিয়ে স্বস্তিতে থাকা সফরকারীরা সকালে এসে দ্রুত হারায় দুই ওপেনারকে। পেসার তাসকিন আহমেদ নিজের টানা দুই ওভারে তুলে নেন দুই গুরুত্বপূর্ণ উইকেট।
প্রথমে আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তিনি। তাসকিনের দারুণ ডেলিভারিতে উইকেটের পেছনে সহজ ক্যাচ নেন লিটন দাস। এরপর আরেক ওপেনার আজান আওয়াইকেও সাজঘরের পথ দেখান এই গতিতারকা। মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে আজান করেন ১৩ রান। মাত্র ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
এরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজন মিলে ৩৮ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে সেই জুটি ভেঙে দেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ধরা পড়েন শান মাসুদ। পাকিস্তান অধিনায়ক ২১ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে দলটি।
শানের বিদায়ের পর ক্রিজে আসেন সৌদ শাকিল। তবে বাবর আজমের সঙ্গে জুটি বড় করতে পারেননি তিনিও। মিরাজের অফ-স্পিনে সুইপ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় লিটনের গ্লাভসে। ২৮ বলে মাত্র ৮ রান করে ফেরেন শাকিল। এতে পাকিস্তান হারায় চতুর্থ উইকেট।
২৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৮৫ রান। ক্রিজে রয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন দাস। তার ১২৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ২৭৮ রান।