জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ভারতের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ দেশে আনা হবে।
বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং সোমবার বাদ জোহর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্ম নেওয়া কারিনা কায়সার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পেলেও অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। হাসিখুশি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি ছিল তার।