জাকারিয়া হাসান জিলহান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত ছিল এবং পায়ের রগ কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ভাষায়, শরীরের ক্ষত এতটাই গুরুতর ছিল যে তাৎক্ষণিকভাবে সেলাই দেওয়াও কঠিন হয়ে পড়ে।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তদন্ত শুরু করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম বলেন, প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জের ধরে হামলা হয়ে থাকতে পারে। তবে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে আত্মগোপনে থাকা স্থানীয় ছাত্রলীগ নেতা আবু তাহের দাবি করেন, ফেসবুকে বিভিন্ন ইস্যুতে সরব থাকা এবং দলীয় পোস্ট দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে।