যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর শহরের ক্লেইরমন্ট এলাকায় একটি ইসলামিক সেন্টার ও মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার দুপুরে সংঘটিত এ হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে হামলায় জড়িত দুই কিশোর নিজেদের গুলি করে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মসজিদের একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। হামলার সময় তিনি সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তার দ্রুত পদক্ষেপের কারণেই আরও বড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাস্থলটি ছিল ইসলামিক সেন্টারটি ক্লেইরমন্ট, যা সান দিয়েগো কাউন্টির অন্যতম বড় মসজিদ ও ইসলামিক শিক্ষা কেন্দ্র। সেখানে শিশুদের জন্য ‘আল রশিদ স্কুল’ও পরিচালিত হয়। হামলার সময় মসজিদের ভেতরে শিশুরা ক্লাস করছিল। পরে পুলিশি তৎপরতায় শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে লকডাউন করা হয়।
সান দিয়েগো পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারীর বয়স ১৭ ও ১৯ বছর। তারা সামরিক পোশাকসদৃশ পোশাক পরে এসেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলার কিছুক্ষণ আগে এক কিশোরের মা পুলিশকে ফোন করে জানান, তার ছেলে কয়েকটি অস্ত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরে পুলিশ অনুসন্ধান চালানোর সময়ই মসজিদে গুলির ঘটনা ঘটে।