ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কলেজ অধ্যক্ষের ঘুসিতে একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরের দুটি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সোমবার (১৮ মে) সকালে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-এ ঘটে।
আহত কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামানের দাবি, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান গত বছরের কোরবানির ঈদের পর তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে টাকা ফেরত চাওয়ায় দীর্ঘদিন গড়িমসি করা হয় এবং প্রায় তিন মাস আগে সেই টাকা পরিশোধ করা হয়।
তার অভিযোগ, ধার নেওয়ার বিষয়টি সহকর্মীদের মধ্যে আলোচনায় আসায় অধ্যক্ষ ক্ষুব্ধ হন। সোমবার অফিস কক্ষে ডেকে এ বিষয়ে কথা বলার একপর্যায়ে অধ্যক্ষ উত্তেজিত হয়ে তাকে কয়েকটি ঘুসি মারেন। এতে তার মুখে আঘাত লাগে এবং দুটি দাঁত ভেঙে যায়।
পরে সহকর্মীরা আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
অভিযুক্ত অধ্যক্ষ হাফিজুর রহমান ঘটনাটি স্বীকার করে বলেন, তিনি উত্তেজিত হয়ে এমন কাজ করেছেন এবং এজন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, বিষয়টি কলেজ পরিচালনা কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এস এম সুলতান মাহমুদ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নলছিটি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।