টালিউডে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য ও অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আইনি পথে হাঁটেছেন অঙ্কিতা।
সম্প্রতি আইনজীবী প্রিয়ম দে-র মাধ্যমে দেবালয়ের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। একই ইস্যুতে সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনও করেন তিনি।
অঙ্কিতার অভিযোগ, একটি নৈশপার্টিতে পরিচালক তাকে জোর করে একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, আগে থেকে পরিচিত হওয়ায় দেবালয়ের উপস্থিতিতে অস্বস্তি বোধ করেননি। তবে আচমকা পরিচালক তার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দেওয়ালে ঠেসে ধরেন এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। পরে তিনি নিজেকে সরিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন।
অভিনেত্রীর দাবি, আইনি নোটিশে দেবালয় ভট্টাচার্যকে সাত দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজের আচরণের দায় স্বীকার করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন দেবালয় ভট্টাচার্য। তার দাবি, তাকে সামাজিক মাধ্যমে হেনস্থা করতেই পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, অভিযোগ সত্য হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় এগোনো হতো, সংবাদমাধ্যমে বিষয়টি তুলে ধরার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। একই সঙ্গে তিনিও আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক পোস্ট করেছিলেন অঙ্কিতা। সেখানে তিনি অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় পরিচালক তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন এবং প্রতিবাদ করার পর তাকে কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়।
ইষ্টিকুটুম নাটকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান অঙ্কিতা চক্রবর্তী। এছাড়া একাধিক ব্যোমকেশ বক্সী সিরিজেও অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে ড্রাকুলা স্যার, মন্টু পাইলট এবং ইঁদুবালা ভাতের হোটেল-এর মতো আলোচিত কাজের জন্য পরিচিত দেবালয় ভট্টাচার্য। এখন এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকেই নজর টালিউডের।