রাজধানীর পল্লবী-তে শিশু রামিসা আক্তার-কে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে রামিসার একটি স্কেচ ছবি শেয়ার করে সাকিব লেখেন, “একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু।”
তিনি আরও বলেন, “ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
একই সুরে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসেব হয়তো কেউ রাখবে না। কিন্তু এই নৃশংসতার শেষ চাই।”
মাশরাফি আরও বলেন, “বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে।”
গত মঙ্গলবার মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল।
এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা-কে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে।