34 C
Dhaka
রবিবার, মে ২৪, ২০২৬

শূন্যরেখায় বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার মধ্যে বিজিবি-বিএসএফ বৈঠক

জনপ্রিয়
লালমনিরহাটের তিনবিঘা করিডোর এলাকায় সীমান্ত পরিস্থিতি ও বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
শনিবার বিজিবি-৫১ রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১২ মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে অবস্থিত তিনবিঘা করিডোর এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক নাজিউর রহমান এবং বিএসএফের পক্ষে ছিলেন ১৭৪ ব্যাটালিয়নের অধিনায়ক বিনোদ কুমার
বৈঠকে উভয়পক্ষ সীমান্তে বাঁশের খুঁটি স্থাপন, জমি জরিপ, সীমান্ত আইন, পুশইন এবং কৃষিজমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
বিজিবি জানায়, ১৯৪৭ সালের সীমান্ত আইন অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ নেই। তবে বিএসএফ সার্ভেয়ারদের মাধ্যমে শূন্য লাইনের ৫০ গজের মধ্যে বাঁশের খুঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সীমান্ত আইনের পরিপন্থি বলে দাবি করে বিজিবি।
জবাবে বিএসএফ জানায়, সীমান্তবর্তী জমি অধিগ্রহণের উদ্দেশ্যে সার্ভেয়ারদের মাধ্যমে জমি মাপজোকের কাজ চলছে। একই সঙ্গে তারা অভিযোগ করে, কিছু বাংলাদেশি কৃষক ভারতীয় ভূখণ্ডের ধান ও ভুট্টা কেটে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বিজিবি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি জানায়, ভারতের অভ্যন্তরে জমি অধিগ্রহণে বাংলাদেশের আপত্তি না থাকলেও শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া বা স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।
বৈঠকে পুশইনের বিষয়েও আলোচনা হয়। বিজিবি অধিনায়ক বলেন, এ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও এমন কিছু হবে না বলে আশা করা হচ্ছে। কোনো বাংলাদেশি নাগরিক ভারতে আটক হলে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার আহ্বানও জানানো হয়।
অন্যদিকে বিএসএফও সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী স্থাপনা নির্মাণ না করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয় এবং ভবিষ্যতে পুশইন না করার কথাও জানায়।
এছাড়া সীমান্তে যেকোনো উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানে বিজিবি ও বিএসএফের বিওপি এবং কোম্পানি কমান্ডারদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘মালিক’-এর ট্রেলারে আধিপত্য-ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত

ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তি পাচ্ছে মালিক। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমার ট্রেলার প্রকাশের পর...