যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এমন একটি সমঝোতা প্রয়োজন যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করতে সহায়তা করবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্টারমার বলেন, “আমাদের এমন একটি চুক্তি দেখতে হবে যা সংঘাতের অবসান ঘটাবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।”
তিনি আরও বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।
অন্যদিকে, মার্কো রুবিও ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন। রোববার নয়াদিল্লি-তে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পৃথিবীতে ইরানের চেয়ে বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে এমন আর কোনো দেশ নেই।”
রুবিওর অভিযোগ, ইরান জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো খাতে ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাস-এর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে অর্থ ব্যয় করছে।
হিজবুল্লাহ ও হামাসকে ইরানের তথাকথিত “অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স”-এর অংশ হিসেবে বিবেচনা করা হয়। এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী এবং ইরানঘনিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর একটি জোট বা নেটওয়ার্ক হিসেবে পরিচিত।