চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল আজ উৎসবমুখর পরিবেশে মুখরিত। তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন সবার অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর
আগমনের।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশ নিতে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা মাঠে অবস্থান করছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও অন্যান্য সহায়তার উপকারভোগীরাও নির্ধারিত স্থানে অপেক্ষা করছেন।
সমাবেশে আসা শাহান আলী মুসা নামের এক ব্যক্তি বলেন, “আমি সকাল ৯টায় এখানে এসেছি প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। তিনি চায়ের দেশে এসেছেন, তাই আমার মতো হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন।”
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। ফলে পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।