যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে বা ইরান চুক্তির শর্ত মেনে না চললে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলন-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এটি মূলত একটি সমঝোতা স্মারক। যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের ওপর হামলা চালাব। যদি আমার কাছে মনে হয় তারা সঠিকভাবে আচরণ করছে না, তাহলে আমরা সরাসরি বোমা হামলাও শুরু করতে পারি।”
ট্রাম্প আরও জানান, বর্তমান সমঝোতায় ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কোনো বিধান রাখা হয়নি।
তবে নিজের প্রশাসনের আলোচনার মাধ্যমে অর্জিত এই সমঝোতার প্রশংসাও করেন তিনি। ট্রাম্পের ভাষায়, “এটি একটি খুবই শক্তিশালী চুক্তি। এর বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি, তবে অধিকাংশ মানুষ এতে সন্তুষ্ট বলেই মনে হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, এই চুক্তি বাস্তবায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কূটনৈতিক মহলে বাড়তি নজর দেওয়া হচ্ছে।