২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। চোট কাটিয়ে মাঠে ফেরার খুব কাছাকাছি পৌঁছে গেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। তিনি জানান, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ড-এর বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে।
আনচেলত্তির ভাষ্য অনুযায়ী, শনিবার এককভাবে অনুশীলন করবেন নেইমার। এরপর সোমবার থেকে তিনি দলের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন এবং স্কটল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন।
ডান পায়ের কাফ মাংসপেশিতে চোট পাওয়ার পর প্রায় এক মাস ধরে মাঠের বাইরে রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস-এর হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে তিনি এই চোটে আক্রান্ত হন। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
এই কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। হাইতির বিপক্ষে ম্যাচের সময়ও দলের সঙ্গে সফরে না গিয়ে নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পে থেকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে গেছেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রকাশিত ছবিতে দেখা গেছে, নিউ জার্সির প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত ফিটনেস, বল নিয়ন্ত্রণ এবং জিম সেশনে অংশ নিচ্ছেন নেইমার। তার পুনর্বাসন কার্যক্রম তদারকি করছেন ফিটনেস কোচ ক্রিশ্চিয়ানো নুনেস ও মিনো ফুলকো।
তবে ব্রাজিল কোচিং স্টাফ কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না। তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর পরিকল্পনা নেই তাদের। সে কারণেই মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছিল।
বর্তমানে ‘সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই পরবর্তী পর্বে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের।
এখন ব্রাজিল সমর্থকদের অপেক্ষা একটাই—স্কটল্যান্ড ম্যাচে নেইমারের মাঠে ফেরা এবং বিশ্বকাপ মঞ্চে আবারও তার জাদু দেখার।