31.2 C
Dhaka
রবিবার, জুন ২১, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

জনপ্রিয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তি গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার (২০ জুন) সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় টাইগ্রেসরা। মাত্র ১৩ রানের মধ্যে ফিরে যান দিলারা আক্তার (৫), শারমিন আক্তার সুপ্তা (০) ও জুয়াইরিয়া ফেরদৌস (৭)।
চাপের মুখে ইনিংস সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসোবহানা মোস্তারী। গুরুত্বপূর্ণ জুটিতে দলকে এগিয়ে নেন তারা। মোস্তারী ১৯ বলে ২২ রান করে বিদায় নিলেও জ্যোতি ৩৮ বলে ৩৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।
শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। তিনি ২২ বলে অপরাজিত ৩৯ রান করে দলের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যান। তার ইনিংসে ছিল পাঁচটি চার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে ফাতিমা সানা দুটি উইকেট নেন। এছাড়া তাসমিয়া রুবাব, নাশমা সাধু, তুবা হাসান ও সাদিয়া ইকবাল একটি করে উইকেট শিকার করেন।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল পাকিস্তান। ওপেনার গুল ফিরোজা ও মুনীবা আলি প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান যোগ করেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদা আক্তার। তিনি গুল ফিরোজা (২৩) ও মুনীবা আলি (২৫)-কে ফিরিয়ে পাকিস্তানের শক্ত ভিত নড়বড়ে করে দেন।
এরপর সানজিদা আক্তার মেঘলা দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে আরও চাপে ফেলে দেন। মধ্য ওভারে বাংলাদেশি বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। বিশেষ করে রাবেয়া খান-এর উইকেট-মেইডেন ওভার পাকিস্তানের রান তোলার গতি একেবারে থামিয়ে দেয়।
শেষ দিকে অধিনায়ক ফাতিমা সানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ২৩ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট নেন।
এর আগে টুর্নামেন্টে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল তারা। পাকিস্তানের বিপক্ষে এই জয় সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেল।
- Advertisement -spot_img
সর্বশেষ

লেবানন যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মতবিরোধ, নতুন চাপে মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগ

লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন করে মতবিরোধের ইঙ্গিত দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...