34.8 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয়

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে আয়োজিত বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মঙ্গলবার রাতে এই নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।
নৈশভোজে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এই আয়োজন বিশ্বনেতাদের মধ্যে পারস্পরিক সৌজন্য বিনিময় ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনানুষ্ঠানিক আলোচনার সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, নৈশভোজের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়ের সুযোগ হয়েছে।
এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সফরসূচি অনুযায়ী, বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বুলেট ট্রেনে বেইজিংয়ে যাবেন। চীনের রাজধানীতে অবস্থানকালে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, অপরিবর্তিত রয়েছে রুপার মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা দুই দফা মূল্যহ্রাসের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম...