অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয়। পাশাপাশি নিজের ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী।
শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষ নিজেদের সংসারের নানা সমস্যার কথা বলে অন্য নারীদের আবেগপ্রবণ করার চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।
প্রভার ভাষ্য, অনেকেই দাবি করেন, স্ত্রীকে ভালোবাসেন না, শুধুমাত্র সন্তান বা সামাজিক কারণে সংসার টিকিয়ে রেখেছেন। কিন্তু এসব কথা প্রায় একই ধরনের অজুহাত বলেই মনে করেন তিনি। তাই এমন পরিস্থিতিতে কোনো সম্পর্কে জড়ালে পরবর্তীতে অনুশোচনা করতে হতে পারে বলে সতর্ক করেন অভিনেত্রী।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রভা জানান, সম্প্রতি তিনিও এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সে সময় তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেন, যদি সত্যিই বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার প্রক্রিয়ায় থাকে, তাহলে আগে আইনগতভাবে বিচ্ছেদ সম্পন্ন করতে হবে। এরপরই ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভাবা যেতে পারে।
তিনি আরও বলেন, তার এমন অবস্থানের কারণে ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলেও আখ্যায়িত করেছেন। তবে এতে তার কোনো আক্ষেপ নেই। বরং তিনি মনে করেন, ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে এমন সিদ্ধান্তই সঠিক ছিল।
ভিডিওর শেষদিকে প্রভা বলেন, যেসব ব্যক্তি সংসারের অশান্তিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, তাদের থেকে দূরে থাকাই ভালো। শুধু প্রেম নয়, এমন ব্যক্তিদের সঙ্গে অপ্রয়োজনীয় বন্ধুত্বও না করার পরামর্শ দেন তিনি।