27.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

‘ভিএআরের এক সিদ্ধান্তেই শেষ জার্মানির বিশ্বকাপ স্বপ্ন?’

জনপ্রিয়

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর ক্ষোভ আর বিতর্কে উত্তাল জার্মানি। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে অতিরিক্ত সময়ে জোনাথান তাহের করা গোল বাতিলের সিদ্ধান্ত, যা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ থেকে শুরু করে সাবেক তারকা ও রেফারি বিশ্লেষকরাও।
ম্যাচের শুরুতেই হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে দ্বিতীয়ার্ধে কাই হাভার্টজ সমতা ফেরালে নির্ধারিত সময় ১-১ ব্যবধানে শেষ হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে হেডে জাল খুঁজে পান জোনাথান তাহ। জার্মান শিবির যখন উদযাপনে মেতে উঠেছে, তখনই ভিএআরের নির্দেশে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন রেফারি।
রিপ্লেতে দেখা যায়, কর্নারের আগে জার্মান ডিফেন্ডার ভালডেমার আন্তনের সঙ্গে সংঘর্ষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল মাটিতে পড়ে যান। পরে মরক্কোর রেফারি জালাল জায়েদ সেটিকে গোলরক্ষকের ওপর ফাউল হিসেবে বিবেচনা করে গোল বাতিল করেন। এতে সম্ভাব্য লিড হারায় জার্মানি।
সিদ্ধান্তের পরই ক্ষোভ প্রকাশ করেন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান। প্রতিবাদ করতে গিয়ে তিনি হলুদ কার্ডও দেখেন। ম্যাচ শেষে তিনি বলেন, এটি কোনোভাবেই ফাউল ছিল না এবং এমন সিদ্ধান্ত ফুটবলের জন্য হতাশাজনক।
শুধু জার্মান শিবিরই নয়, সাবেক তারকারাও প্রশ্ন তুলেছেন ভিএআরের সিদ্ধান্ত নিয়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারারের মতে, এত সামান্য সংস্পর্শে গোল বাতিল করা অত্যন্ত নরম সিদ্ধান্ত। সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যানও বলেন, গোলরক্ষককে সামান্য ব্লক করা হয়েছিল, কিন্তু সেটি গোল বাতিলের মতো গুরুতর ফাউল নয়।
স্কটল্যান্ডের সাবেক ফুটবলার প্যাট নেভিনও মনে করেন, ঘটনাটি পুরোপুরি ব্যাখ্যানির্ভর এবং এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকাই স্বাভাবিক। অন্যদিকে, সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মন্তব্য করেন, একই ধরনের পরিস্থিতিতে ইউরোপের শীর্ষ লিগে অসংখ্য গোল বৈধ হিসেবে গণ্য হয়েছে। তাই এই গোল বাতিল করাকে তিনি বিস্ময়কর বলে মনে করেন।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়েও আর কোনো গোল হয়নি। টাইব্রেকারে জার্মানির হয়ে কাই হাভার্টজ, নিক ভোল্টেমাডে ও জোনাথান তাহ পেনাল্টি মিস করলে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। ফলে শেষ ষোলো নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি, আর বিতর্কিত ভিএআর সিদ্ধান্তকে ঘিরে হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় জার্মানিকে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...