সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে গুরুত্ব দিয়ে স্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।
এতে আরও বলা হয়, সরকারি প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, প্রয়োজনীয় তথ্য এবং সংশ্লিষ্ট বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়। নকশা তৈরির ক্ষেত্রে প্রচারের মূল উদ্দেশ্য ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষ অনুষ্ঠান সম্পর্কে সহজেই পরিষ্কার ধারণা পান।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সরকারি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে তা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।