26.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১০, ২০২৬

আপিল বিভাগে বহাল হাইকোর্টের রায়, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসংক্রান্ত বিধান এবং গণভোট বিলুপ্তির বিধান কার্যকারিতা হারিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারীদের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।
রায় ঘোষণার পর আইনজীবীরা একে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, এ রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে।
এর আগে টানা তিন দিনের শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন।
গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে গণভোটের বিধান পুনর্বহাল করেন। তবে আদালত পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করেননি।
হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এবং তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিকশিত হয়। আদালতের মতে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংবিধানে যুক্ত হয়েছিল এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে।
রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা, গণভোট বিলুপ্তি-সংক্রান্ত ৪৭ ধারা এবং সংবিধানের ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়।
তবে আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর বাকি বিধানগুলো বহাল থাকবে এবং ভবিষ্যতে জাতীয় সংসদ প্রয়োজন অনুযায়ী জনগণের মতামত নিয়ে সেগুলো সংশোধন বা পরিবর্তন করতে পারবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন ৪৫ থেকে ৫০-এ উন্নীতকরণসহ সংবিধানের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল।
- Advertisement -spot_img
সর্বশেষ

মিসরের হারের ক্ষোভে থানায় অভিযোগ, ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল মিসরের পরাজয় এবং ম্যাচে রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে নোয়াখালীর এক তরুণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো...