বলিউড তারকা আমির খানের তৃতীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছে নববধূ গৌরী স্প্র্যাটের জন্য তাঁর দেওয়া বিশেষ উপহার। বিয়ের ছবির পর এবার নেটদুনিয়ায় নজর কেড়েছে বিরল রুবি ও হীরাখচিত একটি বিলাসবহুল আংটি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গৌরীর জন্য আমির যে আংটিটি উপহার দিয়েছেন, তার কেন্দ্রে রয়েছে একটি বড় আকারের প্রিমিয়াম মানের রুবি। রুবিটির চারপাশে বসানো হয়েছে ৪০টি প্রাকৃতিক হীরা, যা আংটিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
জানা গেছে, বিদেশের একটি স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এই বিশেষ আংটি। উপযুক্ত মানের রুবি সংগ্রহ করতেই সময় লেগেছে প্রায় তিন মাস। এরপর শুরু হয় আংটি তৈরির কাজ।
প্রতিষ্ঠানটির দাবি, মোট ১৩১ জন দক্ষ কারিগর টানা ২৫৬ ঘণ্টা কাজ করে নিখুঁত কারুকাজের মাধ্যমে আংটিটি তৈরি করেছেন। হাতে তৈরি এই অনন্য অলংকারে ব্যবহার করা হয়েছে সূক্ষ্ম নকশা ও উচ্চমানের কারুশিল্প।
উল্লেখ্য, গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। ব্যক্তিগত আয়োজনে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের দুই সাবেক স্ত্রী এবং তাঁর তিন সন্তানও। বিয়ের পর এবার এই ব্যতিক্রমী উপহারই দম্পতিকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।