বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, দীর্ঘদিনের সঙ্গী কনটেন্ট ক্রিয়েটর ও লেখক থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি।
ছবির ক্যাপশনে জিমি লেখেন, “I found MrsBeast, and it was the best day of my life.” অর্থাৎ, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সেরা দিন।”
লাখো ডলারের ব্যয়বহুল ইউটিউব ভিডিওর জন্য পরিচিত হলেও নিজের বিয়ের আয়োজন রেখেছেন একেবারেই ব্যক্তিগত। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সীমিত পরিসরে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত নেকার দ্বীপে, যেখানে প্রায় ৭০ জন অতিথি উপস্থিত ছিলেন।
বিয়ের দিন থিয়া বয়সেন পরেছিলেন ফুল ও লেসের সূক্ষ্ম নকশায় তৈরি আইভরি রঙের কাস্টম গাউন। অন্যদিকে, মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও বো-টাই।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বড়দিনে বাগদান সম্পন্ন করেন এই যুগল। সে সময় জিমি জানিয়েছিলেন, সবার ধারণার বিপরীতে তিনি জমকালো কোনো অনুষ্ঠানে নয়, বরং একান্ত ব্যক্তিগত পরিবেশেই বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে জিমি ও থিয়ার পরিচয় হয়। পরে বই, গেমিং এবং কনটেন্ট তৈরির অভিন্ন আগ্রহ থেকে তাদের সম্পর্ক আরও গভীর হয়। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে তারা বৈবাহিক জীবনে পা রাখলেন।