বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খলনায়ক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ আশরাফুল হক ডন। পর্দায় ভয়ংকর সব ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে অভিনয়জীবনের শুরুর আগের ডনের জীবন ছিল একেবারেই ভিন্ন। চলচ্চিত্রে আসার আগে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মসজিদে নিয়মিত আজান দেওয়ার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
রোববার (৯ আগস্ট) প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনকে আটক করার পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে এই অভিনেতার নাম। অভিনয়শিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও চলচ্চিত্র অঙ্গনে তার আলাদা পরিচিতি রয়েছে।
১৯৭১ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন ডন। ১০ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা মারা গেছেন। বর্তমানে তার মা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
বগুড়া থেকে ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় ডনের। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। সোহানুর রহমান সোহানের পরিচালিত ‘লাভ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় ডনের। তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’।
এই সিনেমায় অভিনয়ের সুবাদেই সালমান শাহর সঙ্গে তার পরিচয়। পরবর্তী সময়ে সেই পরিচয় ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়। সালমান শাহর ক্যারিয়ারের অন্যতম কাছের মানুষদের একজন হিসেবে পরিচিত হয়ে ওঠেন ডন।
সালমান শাহ অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ডন। নব্বইয়ের দশকে তার অভিনীত চলচ্চিত্রগুলো দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘তোমাকে চাই’, ‘ফুলের মতো বউ’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘ভালোবাসা কারে কয়’ ও ‘মহামিলন’সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।
দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ছয় শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন ডন। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এই অভিনেতা। ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। পাশাপাশি ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডও গড়ে তোলেন।
তবে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারের পর তার দীর্ঘ চলচ্চিত্রজীবন, সালমান শাহর সঙ্গে বন্ধুত্ব এবং অভিনয়ের বাইরের ব্যক্তিজীবন—সবকিছুই আবার আলোচনার কেন্দ্রে এসেছে।