চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল উদ্বোধন করবেন।
ফল প্রকাশের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলসংক্রান্ত প্রয়োজনীয় নথি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। আনুষ্ঠানিকতা শেষে দুপুর থেকে পরীক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
এ বছর সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন।
অনলাইনে ফল দেখার নিয়ম
এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে পরীক্ষার নাম, বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
ফল দেখার জন্য নির্ধারিত ওয়েবসাইট দুটি হলো—
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
প্রতিষ্ঠান থেকেও মিলবে ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ‘Result’ কর্নারে গিয়ে EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে ফল জানার পদ্ধতি
মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার ধরন, বোর্ডের সংক্ষিপ্ত নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে পাঠালেই এসএমএসে ফল পাওয়া যাবে।
সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে লিখতে হবে: