27.9 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

একাদশে ভর্তি: এবারও পরীক্ষা নয়, ফলের ভিত্তিতে ভর্তি

জনপ্রিয়

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থায় ভর্তি সম্পন্ন করা হবে।
খসড়া সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে পারে। ১০ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, খসড়া সময়সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে।
দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। গত বছর এসব আসনের মাত্র ৫৮ দশমিক ৭ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। ফলে প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার আরও কম হওয়ায় অনেক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আসন বেশি থাকলেও ভালো ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারে। কারণ, ভালো প্রতিষ্ঠানগুলোর আসনসংখ্যা তুলনামূলকভাবে সীমিত। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
গত কয়েক বছর ধরে এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে শিক্ষার্থী ভর্তি করে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোর একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পৃথক প্রক্রিয়ায় পরিচালিত হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করে। চূড়ান্ত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রকাশ করা হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

সালমান শাহ হত্যা মামলা: বাদীকে হুমকি, ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হুমকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর...