রাজধানীর ভাটারায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, হাসিবুর রিধিকার প্রেমিক ছিলেন।
রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রিধিকার মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রিধিকাকে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন হাসিবুর। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় তারা ভিডিও কলে ছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।
পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিত ছিলেন রিধিকা। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।