আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে চালানো যৌথ অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। একই সময়ে প্রায় ১৩ হাজার প্রবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টার সময় আরও ১৯ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা এ ধরনের ব্যক্তিদের কোনো ধরনের সহযোগিতা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে এ কাজে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।