| Your Ads Here 100x100 |
|---|
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার এই সুযোগ কাজে নিতে আগ্রহ দেখাচ্ছেন না বিপুলসংখ্যক শিক্ষার্থী। এখন পর্যন্ত ১০টি শিক্ষা বোর্ডের পাওয়া তথ্য অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অথচ এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজারের বেশি।
অর্থাৎ, এখন পর্যন্ত দুই লাখ ৬৪ হাজার ৬৩৭ জন শিক্ষার্থীর আবেদনের তথ্য পাওয়া যায়নি। তবে একটি শিক্ষা বোর্ডের তথ্য এখনো পাওয়া না যাওয়ায় আবেদন না করা শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের ১০টি শিক্ষা বোর্ডে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। একটি বোর্ডের তথ্য এখনো পাওয়া যায়নি। দ্রুত ওই বোর্ডকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। নিয়ম অনুযায়ী, এসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের বড় একটি অংশ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেননি।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনই এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এসব শিক্ষার্থীর এক মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে।
এরপর গত ৫ নভেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ৯ নভেম্বর। তবে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের একটি বড় অংশ আবেদন না করায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
তবে এতসংখ্যক শিক্ষার্থী কেন দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ গ্রহণ করেননি, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। বাকি শিক্ষা বোর্ডের তথ্য পাওয়া গেলে আবেদন না করা শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা আরও স্পষ্ট হবে।

