22 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের রায় পড়া শুরু হাইকোর্টে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় পড়া শুরু করেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায়ের বিভিন্ন অংশ পড়ে শোনাচ্ছেন। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন (ডেথ রেফারেন্স) নিয়ে হাইকোর্টে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে অংশ নেন।

মামলার বিবরণ অনুযায়ী, শিশু রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভবনের ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করতেন মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর সোহেল রানা বাসার একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলের স্ত্রী স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে দুজনকেই কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এরপর ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এক দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়।

সব বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অনুমোদন পাওয়ার পরই এ দণ্ড কার্যকর করা যাবে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

রায়ে আরও বলা হয়, আসামিরা জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রি করতে হবে। সেই অর্থ থেকে রামিসার আইনগত উত্তরাধিকারীদের পাওনা বুঝিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় মামলাটির বিচারিক রায় ঘোষণা করা হয়েছিল। পরে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার প্রয়োজনীয় নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দুই আসামিও হাইকোর্টে জেল আপিল করেন।

এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে এবার হাইকোর্টে রায় ঘোষণা শুরু হয়েছে। উচ্চ আদালতের এ রায়ের ওপর নির্ভর করছে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি তাতে পরিবর্তন আসবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র...