| Your Ads Here 100x100 |
|---|
হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে এবার দেখা যাবে ব্রিটিশ গুপ্তচর চরিত্র জেমস বন্ডের ভূমিকায়। এর আগে জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। এবার একই অভিনেতাকে ব্যাটম্যানের পর জেমস বন্ড হিসেবে দেখার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও হাস্যরস।
বিশেষ করে ব্যাটম্যান ও জেমস বন্ড—দুটি জনপ্রিয় চরিত্রে একই অভিনেতার অভিনয়ের বিষয়টি নিয়ে মজার মন্তব্য করছেন ভক্তরা। কেউ বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, আবার কেউ দুই চরিত্রের মধ্যে তুলনা টেনে নানা রসিকতা করছেন।
প্যাটিনসনকে জেমস বন্ড হিসেবে দেখার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একজন লিখেছেন, ‘ব্যাটম্যানই এখন জেমস বন্ড।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘রাতে ব্যাটম্যান, দিনে জেমস বন্ড। রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ার দারুণ জায়গায় পৌঁছেছে।’
তবে ওই ভক্ত একই সঙ্গে জেমস বন্ড চরিত্রে অভিনেতা ইদ্রিস এলবাকে দেখার আগ্রহের কথাও জানিয়েছেন। তার মতে, ইদ্রিস এলবা এই চরিত্রে অসাধারণ অভিনয় করতে পারতেন।
আরেকজন লিখেছেন, ‘লোকটি আক্ষরিক অর্থেই ব্যাটম্যান এবং জেমস বন্ড—দুটোই।’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, একই প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই চরিত্রে অভিনয়ের কারণে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন প্যাটিনসন।
এক ভক্তের মন্তব্য, ‘রবার্ট প্যাটিনসন এখন আনুষ্ঠানিকভাবেই সবচেয়ে দুর্দান্ত অভিনেতা। কারণ, তিনি একই সঙ্গে ব্যাটম্যান ও জেমস বন্ড।’
জেমস বন্ড সিরিজের ইতিহাসে প্যাটিনসনের আগে ছয়জন অভিনেতা এই বিখ্যাত গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জেমস বন্ড হিসেবে পর্দায় হাজির হন শন কনারি। ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন তিনি।
এরপর ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ সিনেমায় একবারের জন্য জেমস বন্ড হয়েছিলেন জর্জ ল্যাজেনবি।
১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় এই চরিত্রে অভিনয় করেন রজার মুর। তার অভিনীত বন্ড সিরিজের সিনেমাগুলোও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
পরবর্তী সময়ে ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে দুটি সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন টিমোথি ডাল্টন। এরপর ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় এই চরিত্রে দেখা যায় পিয়ার্স ব্রসনানকে।
সর্বশেষ ড্যানিয়েল ক্রেইগ দীর্ঘ ১৫ বছর জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে তার বন্ড-যাত্রা শুরু হয়। এরপর একে একে পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে জেমস বন্ড হিসেবে তার যাত্রার সমাপ্তি ঘটে।
ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর থেকেই পরবর্তী জেমস বন্ড কে হবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। কয়েক মাস ধরে সম্ভাব্য অভিনেতাদের নাম নিয়ে আলোচনা চলছিল।
সম্ভাব্য তালিকায় ছিলেন জ্যাকব এলর্ডি ও জ্যাক লোডেনের মতো অভিনেতারা। এ ছাড়া ভক্তদের পছন্দের তালিকায় বেশ এগিয়ে ছিলেন ক্যালাম টার্নার। অনেকেই ধারণা করেছিলেন, শেষ পর্যন্ত তাকেই নতুন জেমস বন্ড হিসেবে দেখা যেতে পারে।
তবে প্যাটিনসনের নাম সামনে আসার পর সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। ব্যাটম্যানের মতো জনপ্রিয় চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে এবার জেমস বন্ডের ভূমিকায় তিনি কতটা সফল হন, সেটিই এখন দেখার অপেক্ষা।

