| Your Ads Here 100x100 |
|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ায় চট্টগ্রামমুখী লেনে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে যানজটের সৃষ্টি হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত যানজটের তীব্রতা ছিল। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নয়াবাড়ী থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। কিছু সময় চলার পর আবার দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে।
বিশেষ করে সকালে অফিস ও কর্মস্থলে যাওয়ার সময় যানজটে আটকে পড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেককে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
যানজটে আটকে থাকা যাত্রী মো. শাহাদাত ঢাকা পোস্টকে বলেন, মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। অফিসের সময়ে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। যানজট কমাতে ইতোমধ্যে সার্ভিস লেন চালু করা হয়েছে।
পুলিশের আশা, দ্রুত সড়ক থেকে ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। তবে সকাল পর্যন্ত মহাসড়কের ওই অংশে যানজট থাকায় যাত্রী ও চালকদের দুর্ভোগ অব্যাহত ছিল।

