| Your Ads Here 100x100 |
|---|
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার সকালে পোশাকশ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে শ্রমিকরা সড়কে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।
অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে শ্রমিকরা বিভিন্ন দিক থেকে আবারও সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। সংঘর্ষের কারণে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড়, বাংলাবাজারসহ আশপাশের কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।

