| Your Ads Here 100x100 |
|---|
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে উত্তরের সীমান্তবর্তী এ জেলায় তার প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরজুড়ে চলছে সাজসজ্জা ও নানা প্রস্তুতি। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত জেলার মানুষ এ সফরে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘোষণা পাওয়ার প্রত্যাশা করছেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে লালমনিরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাজসজ্জার কাজ চলছে। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে আনন্দ মিছিল, সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের গোলচত্বরও সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের জন্য লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। তিনি লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করবেন। সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
সফরের শেষ কর্মসূচিতে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘সামাজিক আন্দোলনে আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল ৪টায় উড়োজাহাজে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তার।
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
জেলাবাসীর অন্যতম দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ ছাড়া লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, বুড়িমারী থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন চালু, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু এবং মোগলহাট স্থলবন্দর সচল করার দাবি রয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন, সেখান থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রেন চালু, বেকারত্ব দূরীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন জেলার বাসিন্দারা।
লালমনিরহাটের ছাত্রদল নেতা নির্ঝর রহমান বলেন, দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এলাকায় আসছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তারা অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের এলাকায় এসে বক্তব্য দেবেন এবং অবহেলিত অঞ্চলের উন্নয়নে নতুন বার্তা দেবেন বলে তারা আশা করছেন।
আদিতমারী উপজেলার যুবদল নেতা আব্দুল আহাদ বলেন, লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের বেশ কিছু দাবি রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জেলার বেকারত্ব সমস্যা সমাধানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা প্রয়োজন। তারা প্রধানমন্ত্রীর সমাবেশে অংশ নেবেন এবং এসব দাবির বিষয়ে উন্নয়নমূলক ঘোষণা পাওয়ার আশা করছেন।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারপ্রধান হওয়ার পরও বিভিন্ন বক্তব্যে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, এবারের সফরে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা বা রোডম্যাপ ঘোষণা করবেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জেলার মানুষ প্রস্তুত রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার বিকেলে কালেক্টরেট মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত এ জেলার মানুষের মধ্যে সফরকে ঘিরে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, জেলার সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন। লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণ হবে বলে তিনি আশাবাদী।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তার কোস্টার বাসটি মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটে পৌঁছেছে। স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর এ সফর জেলার আর্থসামাজিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আনবে।

