| Your Ads Here 100x100 |
|---|
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে বলা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনও আরও সতর্কতার সঙ্গে তল্লাশি করতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতার সুযোগ তৈরি না হয়।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর এলাকায় তাদের টহল বাড়ানো, সার্বক্ষণিক নজরদারি এবং প্রবেশকারী যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
একই সঙ্গে বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের বাইরের এলাকাতেও যেন নিরাপত্তার ঘাটতি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের।
শুধু যেসব বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল করে, সেগুলোতেই নয়, রাতের বেলায় ফ্লাইট পরিচালিত হয় না এমন বিমানবন্দরগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এসব বিমানবন্দরে রাতেও নিয়মিত টহল, নজরদারি ও পর্যবেক্ষণ চালু রাখার নির্দেশ দিয়েছে বেবিচক।
এদিকে বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকও করেছে বেবিচক।
পরিকল্পনা অনুযায়ী, পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করা হবে। এর মাধ্যমে বিমানবন্দরের আশপাশের বিভিন্ন স্থানে চলাচলকারী মানুষ ও যানবাহনের ওপর আরও কার্যকর নজরদারি রাখা সম্ভব হবে।
অন্যদিকে বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজেদের উদ্যোগে অতিরিক্ত ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা নজরদারি আরও বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

