23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সংলগ্ন সড়কে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। তবে দুটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাচপুর সেতু এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেনের কাচপুর অংশে তিশা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে আসেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে রেকার ব্যবহার করা হয়।

কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটিতে আগুন দেওয়া হলেও কোনো যাত্রী হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুড়ে যাওয়া বাসটি সরানোর কাজ করা হচ্ছে।

এদিকে একই দিন ভোরে সোনারগাঁয়ে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কের জামপুর এলাকার মিরেরটেক বাজারসংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ট্রাকটি নিয়ে চালক ও তাঁর সহকারী রাতে মিরেরটেক বাজার এলাকায় পৌঁছান। রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় জামে মসজিদের সামনে ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। খড় নামানোর অপেক্ষায় থাকা অবস্থায় চালক ও তাঁর সহকারী ট্রাকের ভেতরেই ঘুমিয়ে পড়েন।

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ট্রাকটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে গেছেন।

এ খবর পেয়ে চালক ঘুম থেকে উঠে ট্রাকটি রক্ষার চেষ্টা করেন। তিনি ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। তবে এর আগেই ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে থাকা প্রায় ৪ হাজার পারমাণবিক বোমার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে,...