| Your Ads Here 100x100 |
|---|
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে সবার নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীরা যখন বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে অংশ নিয়েছেন, তখন মাহি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন সাজ। শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাকে আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের স্বতন্ত্র পরিচয় তুলে ধরেছেন তিনি। তার এই ব্যতিক্রমী উপস্থাপনা প্রশংসা কুড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মিস ইউনিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত পর্ব হলো সুইমস্যুট প্রতিযোগিতা। এই পর্বে প্রতিযোগীরা সাধারণত সাঁতারের পোশাকে নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্য তুলে ধরেন। অনেকেই এ পর্বে বিকিনি পরিধান করেন। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়েছেন মাহি।
এ পর্বে মাহিকে দেখা গেছে নীল রঙের ফুলহাতা ও শরীর ঢাকা পোশাকে। পোশাকটির সঙ্গে যুক্ত ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো সাজে ছিল আভিজাত্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। অন্য প্রতিযোগীদের তুলনায় তার এই ভিন্নধর্মী উপস্থাপনা সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় সময় রোববার রাতে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাহি। সেখানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের পরিচয় তুলে ধরছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাহির এই পোশাক ও উপস্থাপনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার সিদ্ধান্তের প্রশংসা করছেন। একজন মন্তব্য করেছেন, বিকিনি না পরেও যে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন।
- তার ছবির মন্তব্যের ঘরেও ভক্ত ও অনুসারীদের প্রশংসা চোখে পড়েছে। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’। অনেকে তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং পোশাক নির্বাচনের প্রশংসা করেছেন।
এর আগে মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বেও ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে আলোচনায় এসেছিলেন সামিরা খান মাহি। ওই পর্বে ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের চিরন্তন ভালোবাসা ও মমতার বার্তা তুলে ধরেন তিনি।
ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে সাজিয়ে মাতৃত্বকে কেন্দ্র করে তৈরি পোশাকের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও নারীর ভূমিকা তুলে ধরার চেষ্টা করেন মাহি। আন্তর্জাতিক মঞ্চে দেশের ঐতিহ্য ও নিজস্ব ভাবনা প্রকাশের এই উদ্যোগও প্রশংসা পেয়েছিল।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে বিশ্বসুন্দরীদের অন্যতম মর্যাদাপূর্ণ মিস ইউনিভার্সের মুকুট।

