| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
আসছে টানা বৃষ্টির দিন। আগামী তিন দিন দেশের অধিকাংশ এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা ও জনজীবনে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ মে) এক পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হবে ভারী থেকে অতি ভারী বর্ষণ। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যার পরের ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। ওইদিনও দেশের বেশির ভাগ বিভাগেই দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (৩১ মে) পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তবে রোববার (১ জুন) থেকে কিছুটা কমে আসতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। যদিও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। ফলে পরবর্তী সপ্তাহে আবারও গরম বেড়ে যেতে পারে।
বৃষ্টির এ সময় ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার খবর জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সঙ্গে ছাতা বা রেইনকোট রাখাও জরুরি।

