| Your Ads Here 100x100 |
|---|
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ২য় ফিচার লেখক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন সকাল সাড়ে ৮টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে উদ্বোধন করা হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ।
বিভিন্ন বর্ষের শিক্ষক, শিক্ষার্থী ও দেশের বিশিষ্ট সাংবাদিকরা সম্মেলনে উপস্থিত ছিলেন। আলোচকরা ফিচার লেখার নানা দিক নিয়ে আলোচনা করেন। ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার, আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন, চ্যানেল ২৪ এর এসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, সেন্টার ফর এডভান্সড মিডিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিকসহ অন্যরা বক্তব্য দেন।
আলোচনায় ‘লিঙ্গীয় দৃষ্টিভঙ্গি’, ‘তথ্য ও অভিজ্ঞতার সান্নিধ্যে গল্প বলার শিল্প’, ‘সমাজের হৃৎস্পন্দনের লিখন: ফিচার লেখায় আঞ্চলিকতা, ধর্ম ও সংস্কৃতির প্রভাব’, ‘জুলাই অভ্যুত্থানের ফিচার সমাচার’, ‘অনুসন্ধানী ফিচারের হাতেখড়ি’, ‘টেলিভিশন সাংবাদিকতায় বুনন ও পেছনের গল্প’, ‘ফিচার সাংবাদিকতায় কাব্যিক ধারা: ভাষা ও প্রাণ’, এবং ‘আন্তর্জাতিক গণমাধ্যমে লেখক হওয়ার প্রস্তুতি’ বিষয়গুলো উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. মাসুদা কামাল বলেন, “কুবিতে এমন আয়োজন গর্বের। সাংবাদিকদের ভূমিকা শুধু খবর পরিবেশন নয়, তথ্য অনুসন্ধান, জনমত গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমরা চাই, শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই ফিচার লেখায় উৎসাহী হোক।”
বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা শিক্ষার প্রচলন রয়েছে। ফিচার লেখার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেকে গড়ে তুলবে, তেমনি দেশও উপকৃত হবে। খবর যেখানে মস্তিষ্ক, ফিচার সেখানে হৃদয়।”
ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ বলেন, “এক সপ্তাহের নোটিশে এমন আয়োজন করা কঠিন ছিল, তবুও সবাই সহযোগিতা করেছেন। আশা করছি ভবিষ্যতে আরও বেশি উদ্যোগ নেওয়া হবে।”

