| Your Ads Here 100x100 |
|---|
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ শহরের রেলওয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ মাহির (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করে।
মাহির কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করত। সে কোরআনে হাফেজ ছিল। তার বাবার নাম মোফাজ্জল হোসেন কচি, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। মূলত দুই ছেলের পড়ালেখার সুবিধার জন্য পরিবারটি শহরে বসবাস করছিল। তাদের গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা-মুনিয়ারকান্দা গ্রামে।
মাহিরের চাচাতো ভাই বায়েজিদ জানান, দুপুরে মাহির তার বন্ধুদের সঙ্গে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলে। পরে তিন বন্ধু মিলে রেলওয়ে পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় বলটি পুকুরের মাঝখানে চলে গেলে সেটি আনতে গিয়ে মাহির পানিতে তলিয়ে যায়। তার সঙ্গীরা দ্রুত বাসায় খবর দিলে পরিবার ৯৯৯-এ ফোন করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ পুকুরপাড়ে ভিড় জমায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহত ছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।”
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, “৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে মাহিরের মরদেহ উদ্ধার করে।”

